১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ভোলায় জামিন পেলেন জামায়াতের কর্মী বিবি সওদা

জামিন পাওয়ায় বিক্ষোভ কর্মসূচি বাতিল করা হয়েছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2026, 07:22 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

‘জ্বালানি সংকট নিয়ে ফেইসবুকে মন্তব্য করায়’ ভোলায় গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সওদা সুমি জামিন পেয়েছেন।

মঙ্গলবার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক সৌরভ রায় মিঠু তার জামিন মঞ্জুর করেন বলে জানান পৌর জামায়াতের আমির মো. জামাল উদ্দিন।

ফেইসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে রোববার রাতে ভোলা পৌরসভার বাসা থেকে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট (গোয়েন্দা শাখা) বিবি সওদা সুমিকে আটক করে। পর দিন তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারের ঘটনায় জামায়াত ইসলামী বিক্ষোভ কর্মসূচি দেয়। তবে জামিন পাওয়ায় সেই কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানান জামায়াত নেতা জামাল উদ্দিন।

তিনি বলেন, “বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার ডিজিটাল আইনের মাধ্যমে মানুষের কণ্ঠরোধ করতে চেয়েছিল। বর্তমান সরকার যেন সেই পথে না হাঁটে। সরকারকে জনগণের কথা শুনতে হবে।”

এর আগে দলটির পক্ষ থেকে এই গ্রেপ্তারকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ ও ‘মানবাধিকারের চরম লঙ্ঘন’ হিসেবে দাবি করা হয়েছিল।

বিবি সওদা সুমি ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল হালিম বাবলুর স্ত্রী। তিনি জামায়াতে ইসলামীর ভোলা পৌর শাখার একজন কর্মী।

জামিনে মুক্তি পাওয়ার পর বিবি সওদা সুমি বলেন, “আমি দীর্ঘদিন ধরে জনস্বার্থে এবং সমসাময়িক বিষয় নিয়ে লেখালেখি করছি। বিশেষ করে জ্বালানি তেলের সংকট ও শিশুদের হামের প্রকোপ নিয়ে দেশপ্রেম থেকেই আমি কলম ধরেছি। বিগত সরকারের আমলেও আমি যৌক্তিক সমালোচনা করেছি।”

তিনি বলেন, “সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার ইশারায় আমার প্রতিবন্ধী বাচ্চাকে বাসায় রেখে আমাকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুদিন আমি না খেয়ে, না ঘুমিয়ে কাটিয়েছি।”