রাতে ‘ভারতে অনুপ্রবেশের সময়’ সীমান্তে ৩ বাংলাদেশি আটক
পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করার কথা জানিয়েছে বিজিবি।
রোববার রাত সাড়ে ১০টার দিকে কুশখালী সীমান্তের ছয়ঘরিয়া থেকে তাদের আটক করা হয় বলে সোমবার বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।
আটকরা হলেন, বাগেরহাট জেলার বাড়ইপাড়া এলাকার বিকাশ পাড়ই (৫৫), তার স্ত্রী প্রভাতী পাড়ই (৫০) ও একই এলাকার হুরবা পাড়ই (২০)।
বিজিবি অধিনায়ক জানান, সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে রোববার রাতে অবৈধভাবে কয়েকজন ব্যক্তি ভারতে যাওয়ার সংবাদে বিজিবি সেখানে অবস্থান নেয়। এসময় কুশখালী বিওপির সীমানা পিলার ১০/৪-এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে ওই তিনজনকে আটক করা হয়। পরে তাদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
