২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে লরি-মাহিন্দ্রা সংঘর্ষে শিশুসহ নিহত ২

এ ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 09:17 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

ময়মনসিংহ নগরে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রা যাত্রী শিশুসহ দুইজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন।

দুর্ঘটনার পর ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের দুই পাশে যানবাহনের জট দেখা দেয়। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কে নগরীর শম্ভুগঞ্জের স্বপ্নার মোড়ে ব্রাক স্কুলের সামনে এ ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।

নিহত ছেলে শিশুটির বয়স ১৮ মাস। আর নিহত নারীর বয়স ৪৫ বছর। তবে তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী একটি মাহিন্দ্রা ময়মনসিংহ থেকে নেত্রকোণার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে মাহিন্দ্রাটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই শিশু ও নারীর মৃত্যু হয়। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। 

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় নিহত শিশুর মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

দুর্ঘটনার পর পর চালক লরি নিয়ে পালিয়ে যায় বলে জানান ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম।