মুন্সীগঞ্জে বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের হামলার অভিযোগ
বিএনপির একটি মিছিল যশুরগাঁও বাইপাশ পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ।
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিবাদ বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ করেছে বিএনপি।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার যশুরগাঁও বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।
বিএনপি নেতাদের ভাষ্য, হামলায় শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খানসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান বলেন, “দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছিলাম।
“যশুরগাঁও বাইপাশ এলাকায় আমাদের মিছিলটি পৌঁছালে হঠাৎ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের মিছিলে হামলা চালান। এতে আমি ও আমাদের মহিলা নেত্রীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।”
হামলায় মুন্সীগঞ্জ জেলা মহিলা দলের যুগ্ন-সম্পাদক রোকেয়া বেগম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল আলম মামুন, উপজেলা যুবদলের সভাপতি জয়নাল আবেদীন জেমস, যুগ্ন-সম্পাদক মাসুদ রানা, যুবদল নেতা আবুল কালাম আজাদ, প্রিন্স বেপারী, শাহ আলম, মিরাজ হোসেন তানিন, হালিম খান টিপু, মো. রনি, মো. আকাশ, কামরুল হাসান, মো. ছাত্রদল নেতা মামুনুর রশিদ মামুন, ফারুক মৃধা, মিরাজ, ফয়সাল রনি, ইমন হাসান, তানভির হাসান আহত হন বলে তিনি জানান।
এদিকে হামলার অভিযোগ অস্বীকার করে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন জানান, “শ্রীনগর বাইপাস বিএনপির নেতাকর্মীরা অরাজকতা ও বাস ভাংচুরের চেষ্টাকালে আমাদের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বাধা প্রদান করেন।
“এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে বিএনপির হামলায় আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়।”
শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “বিএনপি ও ছাত্রলীগের একই স্থানে কর্মসূচি ছিল। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।”
পরে বিএনপি নেতা হাফিজুল ইসলাম খানসহ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।
