গোপালগঞ্জে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল এক নারীর
পুলিশ জানায়, নিহত ওই নারীর পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন।
গোপালগঞ্জের সদর উপজেলায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এসময় আর দুইজন আহত হয়েছেন।
রোববার ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান জানান।
নিহত রেহেনা বেগম (৪৫) বাগেরহাটের মোল্লাহাট উপজেলার হোগলা বুনিয়া গ্রামে লতিফ হাওলাদারের স্ত্রী।
ওসি সাজেদুর বলেন, ঢাকা থেকে খুলনা গামী দিদার পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত থাকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা একই পরিবারের তিন সদস্য আহত হন।
“আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রেহানা বেগমকে মৃত ঘোষণা করেন।”
আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
