২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার সাবেক এমপি রিপু নেত্রকোণায় গ্রেপ্তার

রিপুর বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে।

বগুড়ার সাবেক এমপি রিপু নেত্রকোণায় গ্রেপ্তার
রাগেবুল আহসান রিপু

নিজস্ব প্রতিবেদক

ও বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2024, 10:43 AM

Updated : 10 Sep 2026, 12:26 PM

বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে নেত্রকোণার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে তাকে গ্রেপ্তার করার কথা র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়।

গণ আন্দোলনের মুখে অগাস্টে ক্ষমতার পালাবদলের পর থেকে একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যা ও হত্যাচেষ্টার বিভিন্ন মামলায় তাদের আসামি করা হচ্ছে।  

র‌্যাব জানিয়েছে, রিপুর বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে। র‌্যাব-১৪ এর সদস্যরা তাকে মোহনগঞ্জ থেকে নেত্রকোণায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। 

২০২৩ সালের ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে জয়ী হন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। চলতি বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে জয় পেয়ে সংসদ সদস্য হন তিনি। 

৫ অগাস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরপরই অগ্নিসংযোগ করা হয় রিপুর বাড়ি ও গাড়িতে। সেদিনের পর থেকেই তার বাড়িতে ঝুলছে তালা, পরিবারসহ আত্মগোপনে ছিলেন তিনি।