ডেঙ্গু: গাজীপুরে তাজউদ্দীন হাসপাতালে রক্ত পরীক্ষার দীর্ঘ লাইন
অনেকেই শরীরে জ্বর নিয়ে লাইনে দাঁড়িয়েছেন টিকিট কাটতে।
গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু শনাক্তে রক্ত পরীক্ষার জন্য ভিড় বেড়েছে। অনেককে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে টিকিক কাটতে দেখা গেছে।
হাসপাতালে শনিবার সকালে গিয়ে দেখা গেছে, অনেকেই শরীরে জ্বর নিয়ে লাইনে দাঁড়িয়েছেন টিকিট কাটতে। অনেকে আবার স্বজনদের জন্যও টিকিট কাটছেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরি মেডিসিন ও রক্ত সঞ্চালন বিভাগে কর্মরত টেকনোলজিস্ট পাপিয়া সুলতানা জানান, “বর্তমানে ল্যাবে দৈনিক ২৫০ জনেরও বেশি রোগীর রক্ত পরীক্ষা হচ্ছে। তার মধ্যে ৭০-৭৫টির মতো ডেঙ্গু টেস্ট করতে হচ্ছে। দুই মাস আগেও ডেঙ্গু টেস্টের সংখ্যা ছিল পাঁচ থেকে সাতটি। ২ জুলাই ৬৫টি স্যাম্পলের মধ্যে দুজনের ডেঙ্গু পজেটিভ শনাক্ত হয়েছে।”
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আব্দুস সালাম সরকার জানান, এ হাসপাতালে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১০ জনসহ বর্তমানে মোট ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
গাজীপুর সিভিল সার্জন মো. মামুনুর রহমান জানান, এর আগের দিন অর্থাৎ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গাজীপুরে ডেঙ্গু পজেটিভ ছিল ২৪ জন।
এ ছাড়া টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ১০ জন, কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন করে ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
১ থেকে ৫ জুলাই পর্যন্ত ৬৩ জনের রক্ত পরীক্ষায় ডেঙ্গু পজেটিভ ছিল।
