২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা হত্যা: গাজীপুর থেকে ২ আসামি গ্রেপ্তার

জমি নিয়ে বিরোধের জেরে ১৪ মে তার ওপর হামলা করা হয়; পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা হত্যা: গাজীপুর থেকে ২ আসামি গ্রেপ্তার
গাজীপুর নগরের টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-১৪।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2026, 12:17 AM

Updated : 19 Sep 2026, 02:28 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম আহম্মেদ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‍্যাব-১৪ এর সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন।

শুক্রবার আসামিদের কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

গ্রেপ্তাররা হলেন- রফিক মিয়া (৩২) এবং কামরুল ইসলাম (২১)। তাদের বাড়ি উপজেলার বলাইশিমুল গ্রামে।

নিহত আব্দুর রহিম আহম্মেদ (৭৫) উপজেলার বলাইশিমুল গ্রামে। তিনি  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বলাইশিমুল ইউনিয়নের সভাপতি ছিলেন। 

মেজর মীর ইশতিয়াক বলেন, ঘটনার পর থেকে আসামিরা গ্রেপ্তার এড়াতে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১ এর সহযোগিতায় টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আব্দুর রহিমের পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে ১৪ মে বিকালে আব্দুর রহিম নিজ বাড়ির পাশে জমিতে গেলে পূর্বপরিকল্পিতভাবে দেশি অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়।

গুরুতর আহত আব্দুর রহিমকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় আব্দুর রহিমের ছেলে আসাদুজ্জামান পিন্টু বাদী হয়ে ১৯ মে কেন্দুয়া থানায় হত্যা মামলা করেন বলে জানায় র‌্যাব।