জাবিতে ‘লকডাউনের’ বিরুদ্ধে বামপন্থিদের বিক্ষোভ
“স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষা করতে পারছেন না; তার পদত্যাগ করা উচিত।”
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগী ছাত্র সংগঠন ছাত্রলীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদসংলগ্ন মুরাদ চত্বর থেকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলে শিক্ষার্থীদের ‘ছাত্রলীগের মূলনীতি, রামদা, ছুরি, চাপাতি’, ‘হাসিনারে ফিরায় আনো, গণহত্যার বিচার কর’, ‘হাসিনার দালালেরা, হুঁশিয়ার, সাবধান’- ইত্যাদি স্লোগান দেন।
ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট) এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সংগঠক সজীব আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ফাইজান আহমেদ অর্ক।
তিনি বলেন, “ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলো তাদের মত করে আবারও মাঠে নামার চেষ্টা করছে। আমরা বামপন্থিরা গত ১৫ বছর ধরে তাদের রুখেছি, ভবিষ্যতেও রুখে দেব-যেভাবে জুলাইয়ে রুখেছি।”
“নিষিদ্ধ সংগঠন কিভাবে এমন কর্মসূচি ঘোষণা করতে পারে, তা ইন্টারিম সরকারের ব্যর্থতারই প্রমাণ। স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষা করতে পারছেন না; তার পদত্যাগ করা উচিত।”
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সংগঠক সজীব আহমেদ জেনিচ বলেন, “ইন্টারিম সরকার আওয়ামী লীগের বিচার সম্পন্ন করতে পারেনি বলেই আজ তারা ‘ঢাকা লকডাউন’-এর মতো হুমকিস্বরূপ কর্মসূচি ঘোষণা করার দুঃসাহস পাচ্ছে।”
জেনিচ বলেন, “বামপন্থি সংগঠনগুলো ১৬ বছর ধরে মেরুদণ্ড সোজা রেখে লড়ছে। আমাদের এই লড়াই আগামীতেও চলবে।”
