২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৮

“যারা এ কাজ করেছে তারা বিএনপির আদর্শে বিশ্বাসী হতে পারে না।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2025, 05:26 PM

Updated : 26 Aug 2026, 05:05 PM

কুমিল্লার লাকসামে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কুমিল্লার সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলাসহ অন্তত ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।   

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও এলাকায় এ সংঘর্ষ হয় বলে লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা জানিয়েছেন। 

তিনি বলেন, “ঘটনার পর পরই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনা এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন রয়েছে।”

এ ঘটনায় আহতদের মধ্যে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলা, বিএনপি নেতা আব্দুর রহমান বাদল ও জসিম উদ্দিন রয়েছেন। তাদেরসহ বাকিদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

লাকসাম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজিয়া বিনতে আলম বলেন, সংঘর্ষের ঘটনায় দোলাসহ অন্তত ১৮ জন তাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দোলাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সাবেক এমপি আনোয়ারুল আজিমের মেয়ে সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিত সামিরা আজিম দোলা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ছনগাঁও এলাকায় গণসংযোগে যান। এ সময় একই আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী দলটির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পদ আবুল কালামের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। 

এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়। 

সংঘর্ষের সময় একটি মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলেও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে। 

সামিরা আজিম দোলা সাংবাদিকদের বলেন, “ছনগাঁও আমাদের একটি মহিলা সমাবেশ ছিল। সেটি করতে দেবেনা বলে প্রতিপক্ষের লোকজনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল। তারপরও আমার নেতাকর্মীদের কথা বিবেচনা করে আমি যাই। তখনি হামলা হয়। 

“সেখানে অনেক নারীসহ আমার নেতাকর্মী আহত হয়েছে। যারা এ কাজ করেছে তারা বিএনপির আদর্শে বিশ্বাসী হতে পারে না।”  

দোলার অনুসারী জসিম উদ্দিন বলেন, “আমার মাথা ফেটে গেছে। অন্তত ৫০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। 

“ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

এদিকে আবুল কালামের সালাম সমর্থক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম হামলার অভিযোগ প্রত্যাখান করে বলেছেন, “আজকে কালাম গ্রুপের কোনো প্রোগাম ছিল না সেখানে। আর আমরা দলের মনোয়ন পেয়েছি, ফলে অমরা কেন এলাকায় বিশৃঙ্খলা করব।?”

এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওয়ায় আনার আহ্বান জানান তিনি।