২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ময়মনসিংহে দুই দিনে বিএনপির ১৮০ নেতাকর্মী কারামুক্ত

বিনা কারণে তাদের জেল খাটতে হয়েছে বলে দাবি বিএনপির।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2024, 07:21 PM

Updated : 26 Aug 2026, 10:11 AM

ময়মনসিংহে রাজনৈতিক মামলায় বন্দি থাকা বিএনপির ১৮০ জন নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন। 

মঙ্গল ও বুধবার ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তারা জামিন পেয়েছেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক মো. সফিকুল ইসলাম।

পুলিশ জানিয়েছেন, দুই দিনে সদর উপজেলার ৬৭ জন, ভালুকার ১৮, হালুয়াঘাট-ধোবাউড়ার ছয়জন, মুক্তাগাছা-ফুলবাড়িয়ার ২০, নান্দাইলের ১০, ফুলপুর-তারাকান্দার ২৫, গৌরীপুর-ঈশ্বরগঞ্জের ১৭ এবং গফরগাঁও-পাগলার ছয়জন জামিনে মুক্তি পেয়েছেন।

এর মধ্যে মঙ্গলবার বিকালে ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক ও দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক এনামুল হক আকন্দ লিটন ওরফে লিটন আকন্দ আছেন।

ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বলেন, “১৬ বছর ধরে ‘মিথ্যা মামলায়’ বিএনপির নেতাকর্মীরা জর্জরিত। বিনা কারণে তাদের জেল খাটতে হয়েছে। 

“আজকে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশকে নতুনভাবে সাজানোর সর্বাত্মক চেষ্টা করব।”

পুলিশ পরিদর্শক সফিকুল ইসলাম বলেন, দুই দিনে বিএনপির ১৮০ নেতাকর্মীকে মুক্তি দিয়েছে আদালত। এ কার্যক্রম চলমান থাকবে।