Published : 02 May 2026, 03:54 PM
খাগড়াছড়ির রামগড় উপজেলায় এক নেতার মেয়ের বিয়ের দাওয়াতে এসে কার্যক্রম নিষিদ্ধ থাকা যুবলীগের তিন নেতা গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার ভোর ৪টার দিকে রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম।
গ্রেপ্তাররা হলেন- রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক (২৭)।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ অগাস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। তাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। একটি ২০২৩ সালে যুবলীগের দুই পক্ষের মারামারির ঘটনায়, আরেকটি ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা হয়। এই দুই মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
স্থানীয় বাসিন্দাদের বরাতে ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, আত্মগোপনে থাকা এই তিনজন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ সোহেলের মেয়ের বিয়েতে যোগ দিতে এলাকায় আসেন। বৃহস্পতিবার রাতে তারা গায়েহলুদ অনুষ্ঠানে অংশ নেন এবং পরে নিজ নিজ বাড়িতে রাত কাটান।
শুক্রবার দুপুরে বিয়ের অনুষ্ঠানে তাদের যোগ দেওয়ার কথা ছিল। তবে তার আগেই গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
এদিকে, মেয়ের বিয়ের অনুষ্ঠানে যুবলীগ নেতা মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন না।