সিরাজগঞ্জে বাসচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু
এ ঘটনায় আহত আরও তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
সিরাজগঞ্জ সদর উপজেলায় বাসচাপায় ব্যাটারিচালিত ভ্যানের যাত্রী একই পরিবারের তিনজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও তিনজন। হতাহতরা সবাই ভ্যানের যাত্রী ছিলেন।
শুক্রবার সন্ধ্যার পর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ী ওভারব্রিজের কাছে এ ঘটনা ঘটে বলে জানান বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ার হোসেন।
নিহতরা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ববাঐতারা গ্রামের শফিফুল ইসলাম (৪০), তার স্ত্রী সুমনা খাতুন (৩৮) ও ছোট বোন লাকি খাতুন (২২)।
আহতরা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ওসি আনোয়ার হোসেন বলেন, অজ্ঞাত একটি বাস ওই এলাকায় ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানে থাকা ছয়জনের সবাই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
হাসপাতালে নেওয়ার পথে একজন এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয় বলে জানান তিনি।
