২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্র আন্দোলন: ১৩৩ দিন পর কবর থেকে তোলা হলো রায়হানের লাশ

লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2024, 10:07 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

নওগাঁর নিয়ামতপুরে ছাত্র আন্দোলনে নিহত রায়হান আলীর মরদেহ দাফনের ১৩৩ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পানিশাইল গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশটি তোলা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাছা থানার এসআই লাবু মিয়া বলেন, “সুষ্ঠু তদন্তের স্বার্থে রায়হানের মরদেহ কবর থেকে তোলার জন্য নির্দেশ দেয় আদালত। এরই প্রেক্ষিতে লাশ কবর থেকে তোলা হয়েছে।”

রায়হান পানিশাইল গ্রামের রিকশাচালক মামুন সরদারের ছেলে। তার মরদেহ তোলার সময় নিয়ামতপুর উপজেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম, মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২০ জুলাই দুপুরে সড়কে গুলিবিদ্ধ হন রায়হান আলী। পরে গাজীপুরের গাছা থানার কলমেশ্বর বোর্ড বাজার বেলমন্ট টেইলার্সের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় রায়হানের বাবা মামুন সরদার গত ১০ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

নিয়ামতপুর উপজেলার বরেন্দ্র আলীয়া মাদ্রাসার থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল রায়হানের।   

নিহত হওয়ার এক সপ্তাহ আগে বাবার ওপর রাগ করে রায়হান ঢাকায় গিয়ে একটি অনলাইনে কাজ শুরু করেছিল বলে নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন।

রায়হানের বাবা মামুন বলেন, “রায়হান সড়কে গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের সরকারি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। সেদিন রাতেই তার লাশ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সে সময় পরিস্থিতি বিবেচনায় ময়নাতদন্ত ছাড়াই ছেলের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছিল।”

রায়নের লাশ কবর থেকে তোলার পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এসআই লাবু মিয়া জানান।