Published : 21 Jun 2026, 06:03 PM
ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারকে মারধর ও ভাঙচুরের ঘটনায় এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।
রোববার সকালে কসবা রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আব্দুল কুদ্দুস।
আটক সুমন মিয়া কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রৌশন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে মাছের পোনা বহনকারী এক ব্যক্তিকে ঘিরে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে স্টেশন মাস্টারের সঙ্গে সুমনের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে সুমন স্টেশন মাস্টারের ওপর হামলা চালান বলে অভিযোগ করে পুলিশ।
এ সময় স্টেশন অফিসের টেলিফোন সেট, সিগন্যালিং যন্ত্রপাতিসহ কয়েকটি সামগ্রী ভাঙচুর করা হয়।
ঘটনার পর স্টেশন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
কসবা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শফিকুল ইসলাম বলেন, দায়িত্ব পালনকালে তার ওপর হামলা ও রেলওয়ের সরঞ্জাম ভাঙচুরের ঘটনায় দুটি মামলা করার প্রস্তুতি চলছে।
ওসি মো. আব্দুল কুদ্দুস বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যুবককে আটক করে। আহত স্টেশন মাস্টারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।