১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা, সার্ভেয়ার আহত

সার্ভেয়ারের ওপর হামলার পর উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ।

গাজীপুরে উচ্ছেদ অভিযানে ব্যবসায়ীদের হামলা, সার্ভেয়ার আহত
গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযানের সময় সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার ওপর হামলা চালায় ব্যবসায়ীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2025, 05:33 PM

Updated : 26 Aug 2026, 02:13 PM

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে ব্যবসায়ীরা। এতে এক সার্ভেয়ার আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পৌরসভার বেড়াইদেরচালার ১ নম্বর সিঅ্যান্ডবি বাজারে এ ঘটনা ঘটে বলে জানান গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম।

আহত রবিউল ইসলাম সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার। তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সড়ক ও জনপথের নির্বাহী হাকিম আশফাকুল হক চৌধুরীর নেতৃত্বে শতাধিক পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মহাসড়কের পূর্ব পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেন। 

উচ্ছেদ শুরু হওয়ার দুই ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে স্থানীয় এক ব্যক্তির নেতৃত্বে ব্যবসায়ীরা সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার রবিউল ইসলামের ওপর হামলা চালায়। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকলেও হামলাকারীদের ফেরাতে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।

স্থানীয়রা অভিযোগ করেন, হামলায় নেতৃত্ব দেওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা ও দোকানপাট নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে আসছেন। এতে মহাসড়কের যানবাহন চলাচল এবং স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। স্থানীয়দের অভিযোগে সড়ক ও জনপদ এ উচ্ছেদ অভিযান পরিচালিত করে।

নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বলেন, “হামলার সময় আমি অপর পাশে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছিলাম। আহত সহকর্মীর সঙ্গে কথা বলে হামলার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে সার্ভেয়ারের ওপর ব্যবসায়ীদের হামলার পর উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে।”

উচ্ছেদ অভিযান বন্ধের আগে মহাসড়কের পাশ থেকে শতাধিক দোকানপাট এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানান সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা।