২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাড়ে ৩ বছর আইনি লড়াই শেষে শপথ নিলেন এক ইউপি সদস্য

২০২১ সালের নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের একটি ইউনিয়ন থেকে ইউপি সদস্য পদে নির্বাচন করেন মোহাম্মদ বাচ্চু মিয়া।

সাড়ে ৩ বছর আইনি লড়াই শেষে শপথ নিলেন এক ইউপি সদস্য
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ বাচ্চু মিয়াকে শপথ পাঠ করান ইউএনও শাহিনা নাসরিন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 08:55 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাড়ে তিন বছরের বেশি সময় আইনি লড়াইয়ে জয়ী হয়ে শপথ নিয়েছেন এক ইউনিয়ন পরিষদের সদস্য।

সোমবার ভলাকুট ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ বাচ্চু মিয়াকে আনুষ্ঠানিকভাবে শপথ পাঠ করান নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন।

বাচ্চু মিয়া ২০২১ সালের নভেম্বরে ওই ওয়ার্ড থেকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. তৈয়ব হোসেন।

সেই সময় তৈয়ব হোসেনকে জয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী কোনো পলাতক আসামি নির্বাচনে অংশ নিতে পারেন না, যা লঙ্ঘন করেই নির্বাচন করেন তৈয়ব। 

অভিযোগ রয়েছে, নির্বাচনের সময় তৈয়ব পলাতক আসামি ছিলেন। বিষয়টি নিয়ে বাচ্চু মিয়া নির্বাচন কমিশনে অভিযোগ করলেও রহস্যজনকভাবে তৈয়বের মনোনয়ন বৈধ ঘোষণা এবং পরে তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

নির্বাচন শেষে এক মাসের মাথায় বাচ্চু মিয়া আদালতে অভিযোগ করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বাচ্চু মিয়ার পক্ষে রায় দেয় আদালত। সেই রায়ের ভিত্তিতে উপজেলা প্রশাসন তার শপথ অনুষ্ঠান আয়োজন করে।

বালিখোলা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, “এর আগেও বাচ্চু মিয়া দুইবার ইউপি সদস্য ছিলেন। এবার নিয়ে তিনবার। গ্রামের মানুষ তাকে ভালোবাসে, তিনি যোগ্য প্রতিনিধি। আদালতের রায়ে আমরা খুশি।”

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, “আমি ন্যায়বিচারে বিশ্বাসী ছিলাম। দীর্ঘ অপেক্ষার পর জনগণের প্রতিনিধি হিসেবে শপথ নিতে পেরে আমি আনন্দিত।”

ইউএনও শাহিনা নাসরিন বলেন, আদালতের রায়ের ভিত্তিতে বাচ্চু মিয়াকে ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ানো হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন।