২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুর আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগের মামলায় সোমবার আকাশকে আদালতের সামনের সড়ক থেকে গ্রেপ্তার করে পুলিশ।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2025, 09:12 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

জামালপুরে জেলা আইনজীবী সমিতির সভাপতি আমান উল্লাহ আকাশের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। আকাশ জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সোমবার বিকালে আকাশকে আদালতের সামনের সড়ক থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে আকাশকে সদর আমলি আদালতে হাজির করা হলে বিচারিক হাকিম মো. মোস্তাফিজুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আনিসুজ্জামান। 

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, আইন মেনে তারা আকাশের জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান আইনজীবী।

আদালতের পিপি আনিসুজ্জামান বলেন, আকাশের জামিন শুনানির সময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ ঘটনার পর আওয়ামী লীগপন্থি আইনজীবীরা আদালত বর্জন করে বলে জানান পিপি।