২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কালবৈশাখীর তাণ্ডব, ভেঙে গেছে শতাধিক গাছ

ঝড়ে খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুৎহীন রয়েছেন শতাধিক গ্রাহক।

গাজীপুরে কালবৈশাখীর তাণ্ডব, ভেঙে গেছে শতাধিক গাছ
গাজীপুরের কাপাসিয়ায় রোববার মধ্যরাতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2024, 04:51 PM

Updated : 01 Sep 2026, 09:05 PM

গাজীপুরে কাপাসিয়া উপজেলায় রোববার মধ্যরাতে কালবৈশাখী ঝড়ে বেশকিছু মাটির ঘর এবং শতাধিক গাছপালা ভেঙে পড়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে সংযোগ বিচ্ছিন্ন রয়েছে শতাধিক গ্রাহক।

সোমবার সকালে উপজেলার খোদাদিয়া, বরুণ, তরগাঁও ও টোক নয়ন গ্রাম ঘুরে এমন চিত্র দেখা গেছে।

উপজেলায় তরগাঁও গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ফিরোজ খান জানান, কালবৈশাখী ঝড়ে তরগাঁও ইউনিয়নে ইসলাম খানের ছেলে আজমত খানের একটি মাটির ঘর, তরগাঁও পূর্ব পাড়ার বদর উদ্দিনের ছেলে ওমর সর্দারে একটি মাটির ঘর, আব্দুর রহমানের ছেলে কাশেম মিয়ার একটি মাটির এবং আবুল হোসেনের রান্না ঘর ভেঙে গেছে।

উপজেলার টোক নয়ন গ্রামের মৃত স্বপন মেম্বারের ছেলে সীমান্ত বলেন, “আমাদের একটা মাটির বসতঘর ছিল। ঝড়ে তা ভেঙে গেছে। পরিবার নিয়ে খোলা আকাশের নিচে বসে আছি।”

তিলশুনিয়া গ্রামের জাকারিয়া জানান, ঝড়ে তার বড় একটি কাঁঠাল গাছ ভেঙে পড়েছে। গাছটিতে সবগুলো কাঁঠাল নষ্ট হয়েছে।

বরুণ গ্রামের আহসান মাস্টার বলেন, রাতে ঝড়ে তার পাঁচটি কাঁঠাল গাছ ভেঙে গেছে। এই এলাকায় শতাধিক আকাশি গাছ, কাঁঠাল গাছ ও কলা বাগান বিধ্বস্ত হয়েছে।

গাজীপুরের জয়দেবপুর ফায়ার সার্ভিস ও স্টেশন কার্যালয়ের ফায়ার ফাইটার রিয়াদ মিয়া জানান, ফায়ার ফাইটার রাজা মিয়ার নেতৃত্বে একটি টিম জয়দেবপুর-কাপাসিয়া সড়ক থেকে গাছ সরানোর জন্য উদ্ধার কাজে যাচ্ছে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালবৈশাখী ঝড়ে কাপাসিয়ার বিভিন্ন এলাকায় আটটি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। এ ছাড়া একটি ট্রান্সফরমারের ক্ষতি হয়েছে। এতে পাঁচটি গ্রামের শতাধিক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন।

ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করে দ্রুত সংযোগ দিতে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছেন বলে জানান তিনি।