বরিশালে জাতীয় পার্টির মিছিলে হামলা, পুলিশ বলছে দুপক্ষের মারামারি
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে ভাঙচুরের প্রতিবাদে এই মিছিল বের করা হয়েছিল।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাড়িতে ভাঙচুরের প্রতিবাদের বরিশাল নগরীতে দলটির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। তবে পুলিশ বলছে, দুই পক্ষের মারামারি।
এতে বরিশাল মহানগর জাতীয় পার্টি আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় হামলাকারী সন্দেহে একজনকে পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়েছে।
শনিবার বিকালে নগরীর সদর রোডে এ হামলার ঘটনা ঘটে বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান।
আহতদের মধ্যে গুরুতর জুম্মানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আহত মহসিন উল ইসলাম হাবুল বলেন, “চেয়ারম্যানের বাড়িতে হামলার প্রতিবাদে ফকিরবাড়ী রোডে দলীয় কার্যালয়ে প্রথমে প্রতিবাদ সভা করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
“মিছিল নিয়ে সদর রোডের প্রবেশ মুখে পৌঁছালে অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জন লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে পেছন থেকে হামলা চালায়। এতে আমিসহ পাঁচজন আহত হয়েছি। তবে নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া দেন। এ সময় একজনকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “হামলাকারীদের আমরা চিনতে পারিনি। সাংবাদিকদের কাছে আমাদের দাবি, করা এর সঙ্গে জড়িত তাদের তথ্য তুলে ধরবেন। তবে এ ঘটনায় মামলা করা হবে কি-না সেই সিদ্বান্ত এখনো নেওয়া হয়নি।”
জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগর ১৬ বছর শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে দাবি করে হাবুল বলেন, “জাতীয় পার্টি যেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সেখানে আমাদের ওপর হামলার কারণ জানতেই হবে।
“সেইসঙ্গে প্রশাসনের কাছে দাবি, মব জাস্টিসের নামে দেশে যা চলছে, সেটা দ্রুত বন্ধ করা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত হবে।”
কোতোয়ালি মডেল থানার এসআই মঞ্জুর মোর্শেদ বলেন, “একজনকে মারধর করে গুরুতর অবস্থায় আমাদের কাছে দিয়েছে। তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি। তিনি অজ্ঞান অবস্থায় আছেন। তার নাম-পরিচয় জানতে পারিনি।”
ওসি মিজানুর রহমান বলেন, দুইপক্ষের মধ্যে মারামারি হয়েছে। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কোনও পক্ষ অভিযোগ দেয়নি।
