সাভারে বাসের ধাক্কায় প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে ৩ আরোহীর মৃত্যু
ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নেওয়ার সময় দ্রুত গতির একটি বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
ঢাকার সাভার উপজেলায় বাসের ধাক্কায় প্রাইভেট কারের তিন আরোহীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও দুইজন।
সোমবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার বলিয়ারপুর এলাকার ঢাকামুখী লেনে এস এন সিএনজি অ্যান্ড এলপিজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে জানান সাভার হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম।
নিহতরা হলেন- উপজেলার বলিয়ারপুর এলাকার সাবেক ইউপি সদস্য মো. নাজিমউদ্দীন (৫৭), প্রাইভেট কারের চালক ও মালিক মজিবুর রহমান (৬৮) এবং নগরকোণ্ডা এলাকার মো. ইব্রাহিম (৫৫)।
আহদের মধ্যে শাহাবুদ্দিনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং আব্দুল জলিলকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বলিয়ারপুর এলাকায় প্রাইভেট কারটিতে গ্যাস নিয়ে ঢাকামুখী লেন থেকে সাভারমুখী লেনে ইউটার্ন নিচ্ছিল। এ সময় ঢাকামুখী দ্রুত গতির ‘সি-লাইন’ পরিবহনের একটি দূরপাল্লার বাস প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।
এতে প্রাইভেট কারে থাকা পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে স্থানীয়রা বাসটি আটক করলেও পালিয়ে যান চালক ও তার সহকারী।
মজিবুর রহমানের ভাগনে আব্দুল হাকীম বলেন, “মামাসহ পাঁচজন প্রাইভেট কারে করে সাভারের দিকে যাচ্ছিলেন। তিনজন ঘটনাস্থলেই মারা গেছেন। এ ছাড়া আহত দুজনের অবস্থাও আশঙ্কাজনক।”
তিনজনের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি সওগাতুল আলম।
তিনি বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো মৃতদেহ পাইনি। শুনেছি স্বজনেরা মৃতদেহ বাড়িতে নিয়ে গেছেন।”
এ ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
