ফেনীতে শিশু ধর্ষণের চেষ্টা, পঞ্চাশোর্ধ্ব দোকানি গ্রেপ্তার
শিশুটির স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে।
ফেনীর পরশুরাম উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পঞ্চাশোর্ধ্ব এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার পর পরশুরাম পৌরসভার একটি গ্রাম থেকে রোববার রাতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে পরশুরাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহাম্মদ জানান।
গ্রেপ্তার ব্যক্তির নাম নিজাম উদ্দিন ওরফে আউলিয়া (৫৫)।
মামলার বরাতে পুলিশ জানায়, শিশুটিকে শনিবার দুপুরে নিজাম চকলেটের লোভ দেখিয়ে নিজের দোকানে নিয়ে যান। পরে তাকে যৌন নিপীড়ণের চেষ্টা করেন। কিন্তু শিশুটির চিৎকারে ছেড়ে দিতে বাধ্য হন।
এ সময় বিষয়টি কাউকে না জানাতে শিশুকে হুমকিও দেন নিজাম। কিন্তু শিশুটি বাড়িতে গিয়ে মাকে বিষয়টি জানায়।
পরিবার শিশুটিকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তার মা নিজাম উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
পরশুরাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহাম্মদ বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ তৎপর রয়েছে।
