Published : 09 Jul 2026, 07:55 PM
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নূর মোহাম্মদকে একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকালে বকশীগঞ্জ আমলি আদালতের বিচারক তানজিনা আক্তার এ আদেশ দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুজ্জামান গামা।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ অগাস্টের পর বকশীগঞ্জ থানায় নূর মোহাম্মদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করা হয়। পরে ঢাকায় হওয়া একটি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে যান।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, কারাগারে থাকা অবস্থায় বকশীগঞ্জ থানার ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত আবেদন মঞ্জুর করে তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দেন।
বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন বলেন, বিস্ফোরক আইনে করা মামলায় নূর মোহাম্মদকে শ্যোন অ্যারেস্ট দেখানোর জন্য মামলার তদন্ত কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম আদালতে আবেদন করেছিলেন। আদালত আবেদনটি মঞ্জুর করেছেন।
তিনি বলেন, ১৪ জুলাই এ মামলায় নূর মোহাম্মদের জামিন শুনানির দিন ধার্য রয়েছে। ওই দিন তদন্ত কর্মকর্তা রিমান্ডের আবেদন করতে পারেন।
গত মাসের ২৭ তারিখ রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে আটক করে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। পরে তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।