রাতে ‘আড্ডার পর’ আর ফেরেনি বাসায়, সকালে মিলল যুবদল নেতার লাশ
“পরিবারের মধ্যে কোন অশান্তি ছিল না। সবার সঙ্গে তার সুসম্পর্ক ছিল।”
মেহেরপুরের গাংনী উপজেলায় এক যুবদল নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পরিবার ও দলের নেতাকর্মীদের।
বৃহস্পতিবার সকালে উপজেলার সহড়াবাড়িয়া-কামারখালি সড়কের রাইমনতলা ইছাখালির মাঠ থেকে আলমগীর হোসেনের গলা কাটা লাশ উদ্ধার করা হয় বলে গাংনী থানার ওসি মো. বনী ইসরাইল জানান।
আলমগীর গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি ও বাঁশবাড়িয়া উত্তারপাড়ার মইন উদ্দীনের ছেলে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
গাংনী পৌর যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম বলেন, “আলমগীর হোসেন বুধবার রাত ১২টা পর্যন্ত গাংনী শহরে আড্ডা দিয়েছে। পরে গভীর রাতে সে বাড়ি না ফেরায় পরিবার ও যুবদল নেতাকর্মীরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে গ্রামের একটি মাঠে তার লাশ পাওয়া যায়।”
তিনি বলেন, “ধারণা করা হচ্ছে, অপহরণ করে নিয়ে যাওয়ার পর পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। তার পরনে প্যান্ট, জ্যাকেট ও পায়ে কেডস ছিল।”
স্থানীয় জাকির হোসেন ও লোকমান আলী বলেন, রাইমতলা ইছাখালির মাঠে সহড়াবাড়িয়া গ্রামের কামরুল ইসলামের তামাকের জমিতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
নিহত আলমগীর হোসেনের স্বজন আলী আকমল বলেন, “আলমগীর দীর্ঘদিন মালোয়েশিয়া ছিলেন। তিন মাস আগে সে বাড়িতে এসেছে। ইতোপূর্বে ঢাকায় থাকাকালে বগুড়া জেলায় প্রথম ও সাহারবাটিতে দ্বিতীয় বিয়ে করেন তিনি। তার দুইটি মেয়ে সন্তান রয়েছে।
“তবে মানুষ হিসেবে আলমগীর সবার প্রিয় ছিলেন। সরাব সঙ্গে ভাল ব্যবহার করতেন। কেন তাকে এভাবে গলা কেটে হত্যা করা হল সেটা খুবই রহস্যজনক।”
নিহতের ছোট ভাই আলামিন বলছেন, “আমার ভাই রাত থেকে নিখোঁজ ছিল। পরিবারের মধ্যে কোন অশান্তি ছিল না। সবার সঙ্গে তার সুসম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে, অপহরণের পর হত্যা করা হয়েছে।”
মেহেরপুর জেলা বিএনপির আহ্বয়ক জাভেদ মাসুদ মিল্টন বলেন, ৫ অগাস্ট পরাজিত শক্তির ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীরা জড়িত আছে এই হত্যাকাণ্ডে। বিএনপিকে দুর্বল ও ভীত করার জন্য এটা পরিকল্পিত হত্যকাণ্ড।
এদিকে হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে ওসি বনী জানিয়েছেন।
তিনি বলেন, “আশা করছি, হত্যাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
