১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে চার ভোটকেন্দ্রের সামনে হাতবোমা বিস্ফোরণ

সদরের তিন ভোটকেন্দ্র এবং টুঙ্গিপাড়া উপজেলার এক কেন্দ্রের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

গোপালগঞ্জে চার ভোটকেন্দ্রের সামনে হাতবোমা বিস্ফোরণ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা সিলনা বিন্দুবাসিনী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 10:33 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

গোপালগঞ্জ সদর ও টুঙ্গিপাড়া উপজেলার চার ভোটকেন্দ্রের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার সন্ধ্যার পর সদরের তিন স্থান এবং টুঙ্গিপাড়ার গোপালপুর ইউনিয়নের গুয়াদানা সিলনা বিন্দুবাসিনী উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ওসি আনিসুর রহমান বলেন, শহরের সরকারি বীণাপাণি বালিকা উচ্চ বিদ্যালয়, নীলার মাঠ শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সদরের দুর্গাপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। 

তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

টুঙ্গিপাড়ার গোপালপুর ইউনিয়নের ভ্রাম্যমাণ ডিউটি টিমের পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন,

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুয়াদানা সিলনা বিন্দুবাসিনী উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের গেইটের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। 

তিনি বলেন, নির্বাচনে আতঙ্ক সৃষ্টি করতে দূর থেকে কেন্দ্রের সামনে কেউ পটকা জাতীয় দ্রব্য ছুড়ে মেরেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও কিছুটা শব্দ ও ধোঁয়া হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের ভ্রাম্যমাণ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে শুধুমাত্র লাল জাতীয় টেপ পাওয়া গেছে বলে জানান তিনি।

পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। এ ছাড়া সন্দেহভাজন কোনো ব্যক্তি দেখলে তাদেরও তল্লাশি করা হচ্ছে।