২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোডশেডিংয়ে গোপালগঞ্জ পাসপোর্ট কার্যালয়ে সেবা ব্যাহত

এক মাস ধরে কার্যালয়ের জেনারেটরও বিকল হয়ে পড়ে রয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 08:15 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সেবা ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা। 

লোডশেডিংয়ের পাশাপাশি এক মাস ধরে কার্যালয়ের জেনারেটরও বিকল হয়ে পড়ে রয়েছে। এ কারণে বিদ্যুৎ চলে গেলেই সব কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের জন্য সেবা গ্রহীতা, কর্মকর্তা ও কর্মচারীদের অপেক্ষা করতে হচ্ছে। 

এ অবস্থা নিরসনে কার্যালয়ের পক্ষ থেকে দুটি ফিডারের সংযোগ চেয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। এ ছাড়া জেনারেটর সমস্যার সমাধান চেয়ে উপরমহলে চিঠি দেওয়া হয়েছে।

পাসপোর্ট কার্যালয় থেকে জানা গেছে, প্রতিদিন এখানে ৭০ থেকে ১০০টি আবেদন গ্রহণ করা হয়। এ ছাড়া ৭০-৮০টি নতুন পাসপোর্ট সরবরাহ করা হয়ে থাকে। আবেদন গ্রহণের সবকটি ধাপ অনলাইনে সম্পন্ন হয়। ফলে বিদ্যুৎ ছাড়া তা সম্পন্ন করা যায় না। পাসপোর্ট সরবরাহের ক্ষেত্রেও বিদ্যুতের প্রয়োজন হয়। 

গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল হুদা বলেন, “শহরে একাধিক ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। জরুরি সেবাদানকারী অফিসগুলোতে দুটি ফিডারের সংযোগ থাকে। এক ফিডারে লোডশেডিং থাকলে অন্য ফিডারের বিদ্যুৎ দিয়ে কাজকর্ম করা হয়। 

“পাসপোর্ট কার্যালয়ও জরুরি সেবার আওতায় পড়ে। আমাদের কার্যালয়ে একটি ফিডারের সংযোগ রয়েছে। আরো একটি ফিডারের সংযোগ চেয়ে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে আবেদন করেছি। দুটি সংযোগ থাকলে কাজে গতি আসবে।

তিনি বলেন, “এ ছাড়া আমাদের কার্যালয়ের জেনারেটর সমস্যার সমাধান চেয়ে ঊধ্র্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছিলাম। টেকনিসিয়ানরা এসে দেখে গেছেন। তারা বলেছেন, জেনারেটরটি অনেক পুরনো। তাই তারা নতুন জেনারেটর স্থাপনের পরামর্শ দিয়েছেন।” 

এ ব্যাপারে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. মঈন উদ্দিন বলেন, “আমরা শহরে বিদ্যুৎ সরবরাহ করি। এখানে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ১৬ মেঘাওয়াট। জাতীয় গ্রিড থেকে আমরা পাচ্ছি আট মেঘাওয়াট। বুঝতেই পারছেন, এতে দিনের প্রায় অর্ধেক সময় লোডশেডিং করতে হচ্ছে। তবে এটি আমরা বিভিন্ন ফিডারে বাই রোটেশন করে থাকি। 

“পাসপোর্ট কার্যালয়ে একটি ফিডারের সংযোগ রয়েছে। তারা আরো একটি সংযোগ চেয়ে আবেদন করেছে। তাদের কাছাকাছি অন্য ফিডার থাকলে সংযোগ দেওয়া যাবে। তবে এ সংক্রান্ত লাইন ও সংযোগ স্থাপনের ব্যয় তাদেরকে বহন করতে হবে।”

টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রামের সম্পা বাড়ৈ বলেন, “বুধবার সকাল ১০টায় পাসপোর্ট কার্যালয়ে আসি। তখন আবেদনের কাগজপত্র কম ছিল। পরে সেগুলো এনে দেই। কার্যালয় থেকে ফিঙ্গারিং ও ছবি তোলার অনুমতি দেয়। কিন্তু বিদ্যুৎ না থাকায় সাড়ে ১১টা থেকে বসে আছি। এখন ১টা বাজে বিদ্যুতের দেখা নেই। কখন বাড়ি যাব তার ঠিক নেই। এ অবস্থার সমাধান হওয়া দরকার।”

পাসপোর্ট করতে আসা কোটালীপাড়া উপজেলার কুশলা গ্রামের সুমি বলেন, “চিকিৎসা, বিদেশে চাকরি, পাড়াশোনা, ব্যবসাসহ বিভিন্ন কাজের জন্য পাসপোর্ট একটি অতি প্রয়োজনীয় জিনিস। অনেকেই জরুরি পাসপোর্ট করেন। এ কারণে এটি জরুরি সেবার মধ্যে পড়ে। সেবাটি বিদ্যুৎনির্ভর। তাই এখানে বিদ্যুতের দুটি ফিডারের সংযোগের পাশাপাশি জেনারেটর থাকা বাঞ্ছনীয়।”

টুঙ্গিপাড়া উপজেলার দক্ষিণ বাসুড়িয়া গ্রামের রাফসান বলেন, “পাসপোর্ট কার্যালয়ে লোডশেডিংয়ে দুর্ভোগের শেষ নেই। প্রতিদিন তিন-চারবার লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ চলে গেলেই বন্ধ হয়ে যাচ্ছে সব কার্যক্রম। এতে দুপক্ষেরই মূল্যবান সময় নষ্ট হচ্ছে। কাজের কাজ কিছুই হচ্ছে না।”