২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতির কাছে চাঁদা দাবি করা সেই যুবদল নেতা বহিষ্কার

গ্রেপ্তার ওই যুবককে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে, বলেন ফুলছড়ি থানার ওসি।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2025, 09:38 PM

Updated : 10 Sep 2026, 12:28 PM

বিচারপতি কাছে চাঁদা দাবির আভিযোগে গ্রেপ্তার গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদল নেতা আক্তারুজ্জামান আক্তারকে সংগঠনটি থেকে বহিষ্কার করা হয়েছে। 

বৃহস্পতিবার কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত হয় বলে গাইবান্ধা জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আক্তারুজ্জামান আক্তারকে প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সদস্যের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। 

তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনাও দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।   

বুধবার দুপুরে ফুলছড়ি উপজেলার কালির বাজার এলাকায় নিজ গ্রামের বাড়ির সামনে বিচারপতি খুরশিদ আলম সরকার হাঁটাহাঁটি করছিলেন। 

বিচারপতির কাছে চাঁদা দাবির অভিযোগে গাইবান্ধায় যুবদল নেতা গ্রেপ্তার

এ সময় আক্তারুজ্জামান সেখানে গিয়ে তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। 

বিচারপতি তখন নিজ উদ্যোগে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। 

এর আগে গত ৬ অগাস্ট এই যুবদল নেতা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিচারপতির কাছে একই পরিমাণ টাকা চাঁদা দাবি করেছিলেন। 

ফুলছড়ি থানার ওসি হাফিজুর রহমান বলেন, “গ্রেপ্তার আক্তারুজ্জামান আক্তারকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।”