মজুরি বৃদ্ধির কথা শুনে ব্যবসাই বন্ধ করে দিলেন পাথর-বালু ব্যবসায়ীরা
তিন বছর আগে প্রতি ঘনফুট পাথর ও বালি লোড-আনলোড বাবদ দুই টাকা ৮০ পয়সা মজুরি নির্ধারিত হয়, তা আর বাড়েনি।
পঞ্চগড়ে শ্রমিকরা ট্রাকে পাথর ও বালু উঠানো-নামানোর মজুরি বাড়ানোর দাবি তোলায় ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা; এতে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ১০ হাজার শ্রমিক।
শনিবার সকাল থেকে জেলা পাথর-বালি ব্যবসায়ী যৌথ ফেডারেশনের পক্ষ থেকে পাথর ও বালি ক্রয়-বিক্রয় বন্ধের এই ঘোষণা দেওয়া হয়।
জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আকবর আলী বলেন, বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্য হিসেবে জেলায় ১০ হাজারের বেশি পরিবহন শ্রমিক পাথর ও বালি লোড-আনলোডের কাজ করেন। তিন বছর আগে প্রতি ঘনফুট পাথর ও বালি লোড-আনলোড বাবদ দুই টাকা ৮০ পয়সা নির্ধারিত হয়।
“কিন্তু এই তিন বছরে সব কিছুর দাম বেড়েছে। এই মজুরিতে শ্রমিকদের সংসার চলে না। মজুরি বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীসহ প্রশাসনে বারবার বলা হয়। কিন্তু আমাদের কথা কেউ শোনেননি।”
“এজন্য শ্রমিকরা নিজেরাই প্রতি ঘনফুটে তাদের মজুরি চার থেকে পাঁচ টাকা দাবি করেছেন। কিন্তু ব্যবসায়ীরা আমাদের সাথে কোনো কথা না বলেই অনির্দিষ্টকালের জন্য পাথর বালি ক্রয়-বিক্রয় বন্ধ করে দেন। এতে আমাদের শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েন।”
উপজেলা সদরের জগদল এলাকার শ্রমিক রেজানুর রহমান, আব্দুস ছালাম বলেন, জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় সবকিছুর দাম বেড়েছে। শ্রমিকরা আগে দুই টাকা ৮০ পয়সায় প্রতি সিএফটি পাথর- বালি লোড-আনলোড করতেন। এখন এই মজুরি দিয়ে তাদের সংসার চলে না।
রেজানুর বলেন, “এজন্য আমরা নেতাদের অনুমতি পেয়ে মজুরি বৃদ্ধি করেছি। হঠাৎ করে ব্যবসায়ীরা পাথর-বালি কেনাবেচা বন্ধ করায় আমরাও বেকার হয়ে বসে আছি।”
পঞ্চগড় জেলা পাথর বালি ব্যবসায়ী যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আলোচনার মাধ্যমে আমরাও তাদের মজুরি বৃদ্ধি করতাম। কিন্তু কারো সাথে কোনো আলোচনা বা সিদ্ধান্ত ছাড়াই তারা ৪ থেকে ৫ টাকা মজুরি দাবি করেন। আগে লোড-আনলোড মজুরির বাইরে ট্রাক প্রতি ৩০০ টাকা করে কমিশন নিতেন শ্রমিকরা। রাতারাতি সেই কমিশনও এক হাজার টাকা করা হয়েছে। এজন্য বৈঠকের মাধ্যমে ব্যবসায়ীরা পাথর বালি ক্রয়-বিক্রয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, “শ্রমিকদের মজুরি বৃদ্ধির একটি আবেদন আমরা পেয়েছি। এ বিষয়ে উভয় পক্ষের সাথে কথা বলছি। আশা করি, আলোচনার মাধ্যমেই দ্রুত এর সুষ্ঠু সমাধান হবে।”
