২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৫

খাবার হোটেলে কাজ শেষে রাতে স্বামীর সঙ্গে বাড়ি ফেরার পথে ওই নারী ধর্ষণের শিকার হন বলে জানায় পুলিশ।

কুষ্টিয়ায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৫
কুষ্টিয়ার ভেড়ামারা থানা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2025, 07:35 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বামীকে বেঁধে রেখে এক হোটেলকর্মী নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার মধ্যরাতে ঘটনার পর থানায় মামলা করলে উপজেলার মসলেমপুর ও ষৌলদাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন- কালু প্রামানিক (৪৬), মুর্শিদ শেখ (৪৫), টিটু মণ্ডল ওরফে টিপু (৪২), এজাজুল (৪২) এবং রুবেল আলী (২৪)। তারা ওই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী নারীর অভিযোগ, “প্রতিদিনের মতো রাতে ঈশ্বরদী সড়কের বারোমাইল এলাকার একটি খাবার হোটেলে কাজ শেষে ভ্যানে করে ওই নারী (২৪) স্বামীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে মসলেমপুর এলাকায় পৌঁছালে কয়েকজন ভ্যানের গতিরোধ করে তাদের টেনে-হিঁচড়ে পার্শ্ববর্তী লিচু বাগানে নিয়ে যায়।

“সেখানে স্বামীকে লিচু গাছের সঙ্গে বেঁধে রেখে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। এক পর্যায়ে ওই নারী অসুস্থ হয়ে পড়লে তাদের রেখে পালিয়ে যান তারা। সেখান থেকে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে।”

পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে তাদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখান প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার তাদের থানায় নেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা করলে রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, রাতে এক নারী হোটেল শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীরে বাহ্যিক কোনো ক্ষত বা আঘাতের আলামত পাওয়া যায়নি। পরে ওই নারীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।”

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারী হাসপাতালে পৌঁছাননি বলে জানান কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম।

পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম বলেন, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে। আসামিদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি এই পুলিশ কর্মকর্তার।