২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ ঘণ্টা পর বেক্সিমকোর শ্রমিকরা মহাসড়ক থেকে সরল

তবে বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল বলে পুলিশ জানায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2024, 06:37 PM

Updated : 10 Sep 2026, 12:23 PM

বকেয়া বেতনের দাবিতে অবরোধে নামা বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের ঢাকা-টাংগাইল মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 

বুধবার সকাল ৮টা থেকে ওই মহাসড়কের চক্রবর্তী মোড়ে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। 

কাশেমপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, দুপুর পৌনে ২টার দিকে পুলিশ ও সেনা সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছেন। 

সকাল ৯টায় কাশিমপুর থানার এসআই মনজুরুল ইসলাম বলছিলেন, বেক্সিমকো কারখানার শ্রমিকেরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

আন্দোলনে থাকা শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষের একজন বলেছিলেন, তাদের সঙ্গে বসে বকেয়া বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করবেন। তবে এখনো কর্তৃপক্ষের সঙ্গে বসতে পারেননি তারা। 

তাই তারা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে সড়কে নেমেছেন।

এ বিষয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছেন। 

এর মধ্যে আরএমজি কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। 

আরও পড়ুন:

বকেয়া বেতন: গাজীপুরের সড়কে ফের বেক্সিমকোর শ্রমিকরা