২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবি

শিক্ষার্থীদের অভিযোগ, শিবিরের অনেকে যারা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন তারা এবং অন্য ছাত্রলীগের সদস্যরা বিভিন্ন পদ লাভ করেছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 10:03 PM

Updated : 26 Aug 2026, 11:05 AM

দলছুট, অনুপ্রবেশকারী, বহিরাগত ও আন্দোলনে অংশ না নেওয়া অছাত্রদের দিয়ে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি গঠনের অভিযোগ করে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীদের একটি অংশ।  

রোববার দুপুরে জুলাই-অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে। 

এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কেন্দ্র থেকে দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি সম্পূর্ণ অযাচিত ও অযৌক্তিক। শিবিরের অনেকে যারা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন তারা এবং অন্য ছাত্রলীগের সদস্যরা বিভিন্ন পদ লাভ করেছেন। তারা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সুবিধা ভোগ করেছেন। এমনকি আন্দোলনে নামতে অস্বীকৃতি জানানো শিক্ষার্থীরাও কমিটিতে স্থান পেয়েছেন।

সমাবেশে এসে কমিটিতে স্থান পাওয়া শিপন সরকার ও আশরাফুল আলম চমক তাৎক্ষণিক পদত্যাগ করেন এবং তারা যাচাই-বাছাই করে প্রকৃত আন্দোলনকারীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। 

সমাবেশে আরো বক্তব্য দেন কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের আল আকসা সৌখিন, কুড়িগ্রাম সরাকরি উচ্চ বিদ্যালয়ের নাজমুস সাকিব শাহী, কুড়িগ্রাম সরাকরি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্ষণ বেনজির সিদ্দিক আয়াত, জান্নাতুল ফেরদৌস মিম।