রাস্তা আটকানোর অভিযোগে আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
আসামিরা ধারালো দা, করাত, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা দিয়ে জনমনে ভীতির সৃষ্টি করে বলে মামলায় বলা হয়।
গোপালগঞ্জে মহাসড়কের উপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগ-ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
কাশিয়ানী উপজেলার রামদিয়া তদন্ত কেন্দ্রের এসআই মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি করেন বলে ওসি মো. শফিউদ্দিন খান জানান।
এতে ৫০ জনের নাম উল্লেখসহ ৫৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি মামলাটি রেকর্ড হলেও বিষয়টি জানানো হয়েছে বৃহস্পতিবার।
মামলার অন্যতম আসামিরা হলেন, ঢাকা মহানগর (উত্তর) মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি লেবু মোল্যা, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মাসুম শেখ, মহেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান লুথু, কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মশিউর রহমান খান।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগ ঘোষিত হরতাল কর্মসূচিতে কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার তিলছড়া এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
সেদিন রাত সাড়ে ৩টার দিকে রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশের গাছ কেটে সড়কের ওপর ফেলা হয়।
এ ছাড়া ধারালো দা, করাত, লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
জনমনে ভীতি সৃষ্টি করতে যানবাহন চলাচলে বাধা দেয় তারা।
পরে খবর পেয়ে পুলিশের ওই দলটি ঘটনাস্থলে গেলে নেতাকর্মীরা পালিয়ে যান।
ওসি শফিউদ্দিন খান বলেন, এ ঘটনায় ৫০ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাত আরও ৫৫ জনকে আসামি করে গত ২২ ফেব্রুয়ারি মামলা হয়েছে।
আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
