Published : 21 Jan 2025, 01:01 PM
শরীয়তপুর নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকের বাড়িতে বেশ কয়েকটি হাতবোমা ছোড়ার ঘটনা ঘটেছে। অবিস্ফোরিত একটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত ১১টার দিকে উপজেলার ঘড়িসার ইউনিয়নের চর লাউলানি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন মোল্লা।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর ঘরিষার ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে কয়েকবার বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন।
তিনি বলেন, “রাত অনুমানিক ১১টার সময় আমার বাড়ির ভিতরে ও বাহিরে প্রায় ৮-১০টি হাত বোমা নিক্ষেপ করে একদল মুখোশধারী সন্ত্রাসী। বোমার বিকট আওয়াজ ও বিস্ফোরণে আমি ঘর থেকে বের হলে তারা পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর পরে সোমবার ঘড়িষার ইউনিয়ন বিএনপির কর্মী সভা করা হয়। ওই কর্মী সভায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারিমূলক বক্তব্য দেওয়া হয়।
“এছাড়া, কিছুদিন পূর্বে একদল সন্ত্রাসী আমাকে মেরে চাকধ বাজারের জঙ্গলে ফেলে রেখে চলে যায়। এই ব্যাপারে নড়িয়া থানায় মামলা করেছি। সবকিছু মিলিয়ে কে বা কারা হাতবোমা ছুড়েছে আশা করি পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিবে।”
হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান এই বিএনপি নেতা।
এদিকে এই ঘটনার প্রতিবাদে রাতেই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ করেন প্রতিবাদ জানান।
নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা বলেন, “খবর শুনে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে অবিস্ফোরিত একটি ককটেল ও কয়েকটি ককটেলের বিস্ফোরিত হওয়ার আলামত পাওয়া যায়।”
ওসি আরও বলেন, অভিযোগ দিলে মামলা হবে। পরে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।