২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বজ্রপাতে স্কুল ছাত্রসহ ২ জনের মৃত্যু

জীবননগর ও দর্শনা উপজেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2026, 05:25 PM

Updated : 26 Aug 2026, 03:25 PM

চুয়াডাঙ্গার জীবননগর ও দর্শনা উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতের স্কুল ছাত্রসহ দুইজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রাম এবং দর্শনা উপজেলার পারকৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

জীবননগর থানার ওসি সোলাইমান শেখ বলেন, ঘোষনগর গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে রাসেল মারা যান। নিহত ২৫ বছর বয়সি রাসেল ওই গ্রামের রেজাউল হোসেনের ছেলে।

স্বজনরা জানান, রাসেল বাড়ির পাশে কৃষি জমিতে তামাকের খড়ি গোছানোর কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই দিন বেলা সাড়ে ১২টার দিকে দর্শনা উপজেলার পারকৃষ্ণপুর এলাকায় বজ্রপাতে আলিমুল আজিম (১৫) মারা যায়। নিহত আজিম পারকৃষ্ণপুর গ্রামের তাজিমুলের ছেলে। সে মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্বজনরা জানান, আজিম তার বাবার জন্য খাবার নিয়ে ইউনিয়ন মাঠে যাচ্ছিল। পথে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন দর্শনা থানার ওসি মেহেদী হাসান।