টাঙ্গাইলে বাসের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী কলেজ ছাত্রের মৃত্যু
এ ঘটনায় নিহতের বন্ধুকে গুরুতর আহত অবস্থায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী কলেজ ছাত্র নিহত; তার বন্ধু আহত হয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার আঠারোদানা এলাকায় এ ঘটনা ঘটে বলে ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানান।
২১ বছর বয়সি নিহত সাইফুল ইসলাম ওই এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি কালিহাতী শাহজান সিরাজ কলেজের ছাত্র ছিলেন। তার বন্ধু ২০ বছর বয়সি আহত শাহীন একই এলাকার পূর্বপাড়া গ্রামের হামীমের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, বিকালে দুই বন্ধু বাইক নিয়ে ঘুরতে বের হন। এ সময় বাড়ির পাশের টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ঢাকাগামী একটি বাসের সঙ্গে তাদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাইকের পেছনে থাকা সাইফুল মাথার আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত শাহীনকে স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ওসি রকিবুল ইসলাম বলেন, “এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
