২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে আরও ১৫ আওয়ামী লীগ নেতার পদত্যাগের ঘোষণা

চার দিনে মুকসুদপুর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় মোট ৩৩ জন পদত্যাগ করলেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2025, 07:37 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে আরও ১৫ আওয়ামী লীগ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।  

সোমবার সকালে এবং রোববার সন্ধ্যায় নেতারা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এ নিয়ে চার দিনে মুকসুদপুর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষকলীগ থেকে মোট ৩৩ জন পদত্যাগ করলেন।

সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে দলীয় পদ থেকে পদত্যাগ করেন পাটগাতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তোতা বিশ্বাস।

তিনি বলেন, “আওয়ামী লীগের সময় আমাকে পাটগাতী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি করা হয়েছিল। কিন্তু আমি সংগঠনের কোনো কায্যক্রমে সক্রিয় ছিলাম না। সেই সঙ্গে আমার শারীরিক পরিস্থিতির কারণে আমি দলীয় পদ-পদবী থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।”

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে ১৪ নেতাকর্মী পদত্যাগ করেছেন। এর মধ্যে রোববার রাতে মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আট নেতাকর্মী পদত্যাগ করেন।

সেই সংবাদ সম্মেলনে আটজনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক বিল্লাল শরীফ।

তিনি বলেন, “আমরা মুকসুদপুর পৌর আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্বরত ছিলাম। ব্যক্তিগত সমস্যার কারণে আমরা আটজন স্বেচ্ছায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ পদ-পদবী থেকে পদত্যাগ করছি। আজ থেকে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই।”

একই দিন বিকালে বানিয়ারচর সূর্য্যকান্ত জানকী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগের পদ-পদবী থেকে পদত্যাগ করেন আরও ছয়নেতা।

সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন জলিরপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য উৎপল কীর্তনীয়া।

পদত্যাগকারী অন্য নেতারা হলেন- মুকসুদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব আলী শেখ, সহসভাপতি আহাদ মোল্যা, প্রচার সম্পাদক আকবর শেখ, সাংস্কৃতিক সম্পাদক দুলাল শেখ, সদস্য রাজু শেখ, সাজ্জাদ শেখ ও ইমরান কাজী, মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল হালদার, ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম কীর্তনীয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুশান্ত বৈরাগী, শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক রাইটার বারুরী এবং ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসীম সরকার।