Published : 07 Sep 2026, 05:10 PM
যশোরের অভয়নগরে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে রানাগাতী গ্রামের একটি সুপারি বাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় বলে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মো. লুৎফর রহমান জানান।
নিহত ৪৬ বছর বয়সী বাহারুল মল্লিক ওই গ্রামের হাকিম মল্লিকের ছেলে।
তার মুখের থুতনির নিচে গুলির ক্ষত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে এক রাউন্ড গুলি।
পরিদর্শক লুৎফর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাহারুলের মরদেহ উদ্ধাররে তা ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “বাহারুলের মুখের থুতনির নিচে গুলির ক্ষত রয়েছে। হাঁটু দিয়েও রক্ত বের হওয়ার চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরমপন্থি সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যার কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।”
বাহারুলের ছোট ভাই মামুন মল্লিক বলেন, তার ভাই চরমপন্থি দলের সঙ্গে জড়িত থাকার কারণে প্রায় ২০ বছর ধরে পলাতক ছিলেন। এ কারণে পরিবারের সঙ্গেও তার তেমন যোগাযোগ ছিল না।
তিনি বলেন, “সোমবার সকালে জানতে পারি বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি সুপারি বাগানে তার লাশ পড়ে আছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, তা আমরা জানি না।”
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে বলে পরিদর্শক লুৎফর রহমান জানান।