Published : 11 Jul 2026, 09:56 PM
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একের পর এক গরু চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন কৃষক ও খামারিরা।
তাদের অভিযোগ, রাতে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে চোরেরা। থানায় অভিযোগ করলেও এখন পর্যন্ত কোনো গরু উদ্ধার বা চোর শনাক্ত হয়নি।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, “গরু চুরির ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
স্থানীয়দের ভাষ্য, উপজেলার ইশ্বরবা, মেগুরখির্দা ও বলিদাপাড়া গ্রামে এসব চুরির ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, চুরি হওয়া গরু পিকআপ ও ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে।
সর্বশেষ শুক্রবার রাতে বলিদাপাড়া গ্রামের রবিউল ইসলামের গোয়ালঘর থেকে দুটি গাভী ও একটি বাছুর চুরি হয়।
রবিউল ইসলাম বলেন, “এই তিনটি গরুই ছিল আমার সংসারের একমাত্র ভরসা। দুধ বিক্রি করেই পরিবার চালাতাম। এখন সব শেষ হয়ে গেছে।”
একই রাতে মেগুরখির্দা গ্রামের এক খামারির একটি গরু চুরি হয়েছে বলে স্থানীয়রা জানান।
বৃহস্পতিবার ইশ্বরবা গ্রামের আইয়ুব হোসেনের গোয়ালঘর থেকেও একটি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি সিসিটিভি ভিডিওতে পিকআপে করে গরু নিয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে বলে দাবি স্থানীয়দের।
খামারি আইয়ুব হোসেন বলেন, “অনেক কষ্ট করে গরু বড় করি। এক রাতে চুরি হয়ে গেলে সব শেষ হয়ে যায়। আমার গরুটি চুরি হওয়ার পর হতাশ হয়ে গরু পালন ছেড়ে দেব ভাবছি।”