মুন্সীগঞ্জে নৌকা ডুবে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
দুজন সাঁতরে পাড়ে উঠলে সাঁতার না জানা অমি তলিয়ে যান।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৌকাডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে বলে সিরাজদিখান থানা পুলিশ জানিয়েছে।
কলেজছাত্র অমি শেখ (১৭) শ্রীনগর সরকারি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। তিনি পাথরঘাটা গ্রামের শাহীন শেখের ছেলে।
বাসাইল ইউনিয়ন পরিষদ সদস্য কামাল উদ্দিন বলেন, অমি তার বোনজামাই ও এক বন্ধুকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে নৌকা চালানো শুরু করে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে দুজন সাঁতরে পাড়ে উঠলে সাঁতার না জানা অমি তলিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে বলে জানান সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. হাবিবুর রহমান।
