Published : 23 Jun 2026, 01:21 PM
খাগড়াছড়িতে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু বলেন, সোমবার রাতে শহরের শালবন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমির হোসেন (২৭) খাগড়াছড়ি পৌর যুবলীগের সদস্য এবং ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আমিরের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০২৪ সালের অগাস্ট ও সেপ্টেম্বর মাসে দায়ের করা হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর, অগ্নিসংযোগ, চুরি, দখল, চাঁদাবাজি ও হুমকিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
ওসি কায় কিসলু বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।