২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

এক ঘণ্টা পর শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত কারখানার ভেতর অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুর নগরে বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘ফু-ওয়াং ফুডস লিমিটেড’ কারখানার শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2025, 03:55 PM

Updated : 10 Sep 2026, 12:36 PM

গাজীপুর নগরে বকেয়া বেতন এবং বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি খাদ্য উৎপাদনকারী কারখানার শ্রমিকরা। 

এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন চালক ও সাধারণ যাত্রীরা। পরে দাবি পূরণের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর মহাসড়ক ছেড়ে দেন শ্রমিকরা।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পৌনে ১০টা পর্যন্ত নগরের হোতাপাড়ায় ‘ফু-ওয়াং ফুডস লিমিটেড’ কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বলে জানান গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ।

শ্রমিকরা জানান, কারখানাটিতে তিন শিফটে প্রায় সাড়ে চারশ শ্রমিক কাজ করেন। প্রতি বছর ঈদ এলে মালিক ও কারখানা কর্তৃপক্ষ বেতন-বোনাস নিয়ে টালবাহান করেন। কারখানাটিতে জানুয়ারি ও ফেব্রুয়ারির বেতন বকেয়া রয়েছে। সামনে ঈদ, এখনো বোনাস দেয়নি কর্তৃপক্ষ।

বেতনের দাবিতে সকাল ৯টার দিকে শ্রমিকরা উৎপাদন বন্ধ করে কারখানার নিচে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। 

খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ, শিল্প পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদেরকে দাবি পূরণের আশ্বাস দিলে তারা মহাসড়ক ছেড়ে কারখানা অভ্যন্তরে অবস্থান নেয়। পরে ৯টা ৫০ মিনিটে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

শ্রমিকরা জানান, প্রশাসনের লোকজন বিকালের মধ্যে বোনাসসহ তাদের সব পাওনা পরিশোধ করে দেওয়ার কথা বলেছেন। এরপর থেকে শ্রমিকরা কারখানার অভ্যন্তরে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। বোনাসসহ বকেয়া পাওনা না দিলে তারা কারখানায় ছেড়ে যাবেন না।

শিল্প পুলিশের ইন্সপেক্টর আব্দুল লতিফ বলেন, “বকেয়া বেতন এবং ঈদ বোনাস নিয়ে যৌথ বাহিনীর সদস্যরা কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। চেষ্টা করা হচ্ছে, যেন আজকের মধ্যে শ্রমিকদের বোনাসসহ সকল পাওনা পরিশোধ করা হয়।”

ফু-ওয়াং ফুডস লিমিটেড কারখানার মানবসম্পদ ও প্রশাসন বিভাগের কর্মকর্তা মুকিত হোসাইন বলেন, “শ্রমিকদের দাবি সঠিক নয়। শুধুমাত্র ফেব্রুয়ারির বেতন বকেয়া রয়েছে।

“সোমবার বিকাল থেকে বেতন দেওয়া শুরু হয়েছিল। রাত হয়ে যাওয়ায় এবং টাকার অঙ্ক বড় হওয়ায় কিছু শ্রমিকের বেতন বাকি ছিল। ব্যাংক থেকে টাকা আনার পর বেতন দেওয়া শুরু হবে।”