খাগড়াছড়িতে এনসিপির পদযাত্রা, সতর্ক পুলিশ
“আশা করি, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সব দল সহায়তা করবে।”
খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার বেলা ১২টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার থেকে এই পদযাত্রা শুরু হবে। পরে শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে জনসভা।
খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, এনসিপির কর্মসূচি ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশের ৬২০ সদস্য। আর্মড পুলিশ ও সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
সকালে খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এনসিপি নেতাদের স্বাগত জানাতে ব্যানার ও ফেস্টুন টানানো হয়েছে। শহরের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান রয়েছে।
এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মনজিলা আক্তার ঝুমা বলেন, “কর্মসূচিতে জেলার নয়টি উপজেলা থেকে লোকজন আসবে। বেলা ১২টায় খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা শুরু হবে।
মহাজনপাড়া, নারকেল বাগান, বাজার হয়ে আদালত সড়ক পর্যন্ত গিয়ে শাপলা চত্বরে গিয়ে তা শেষ হবে। পরে মুক্তমঞ্চে বেলা ১টায় জনসভা শুরু হবে।”
খাগড়াছড়ির কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাসহ অন্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।
মনজিলা আক্তার ঝুমা বলেন, “আমরা আশা করি, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সব দল সহায়তা করবে।”
