২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় পত্রিকা সম্পাদক হত্যা মামলায় কারাগারে

সাংবাদিক জুলফিকার রায়হান বলেন, “হাবিবুর রহমানকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পথে কতিপয় ব্যক্তি তাকে মারধর করে লাঞ্ছিত করেন।”

সাতক্ষীরায় পত্রিকা সম্পাদক হত্যা মামলায় কারাগারে
দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক হাবিবুর রহমানকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 09:03 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হাবিবুর রহমানকে হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নজরুল ইসলামের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে আইনজীবী আব্দুল মজিদ জানান।  

আসামিপক্ষের আইনজীবী বলেন, “একটি হত্যা মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সেই নির্দেশনা মোতাবেক তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছিলেন।”

মামলার বরাতে আইনজীবী জানান, ৫ অগাস্ট দেবহাটার খলিশাখালী এলাকার ১৩২৮ বিঘার একটি মৎস্য ঘেরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে সন্ত্রাসীরা। ১ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনী ওই এলাকায় তল্লাশি চালায়। অভিযানের সময় গণপিটুনিতে নিহত হন কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। 

এ সময় ১৫টি হাতবোমা, পাঁচটি দা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার কয়েকদিন পর কামরুল ইসলামের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামীকে পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে দেবহাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় জমির মালিকদের পাশপাশি সাংবাদিক হাবিবুর রহমানকেও আসামি করা হয়।

সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুস সাত্তার বলেন, “মর্জিনা খাতুন একজন অসহায় ও দরিদ্র নারী, যিনি তার স্বামীকে হারিয়েছেন। বর্তমানে তিনি সন্তানদের নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন। ন্যায়বিচার নিশ্চিত করতে আসামির জামিন আবেদনের বিরোধিতা করা হয়েছে।” 

এদিকে সাতনদী পত্রিকার সহসম্পাদক আব্দুর রহমান দাবি করেন, হাবিবুর রহমানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি সম্পাদকের মুক্তি দাবি করেছেন।

সাংবাদিক জুলফিকার রায়হান বলেন, “হাবিবুর রহমানকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার পথে কতিপয় ব্যক্তি তাকে মারধর করে লাঞ্ছিত করেন। এতে সাংবাদিক সমাজ মর্মাহত।”