গাজীপুরে কভার্ড ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ, প্রাণ গেল ২ বন্ধুর
একজন ঘটনাস্থলে ও আরেক জনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে পুলিশ জানায়।
গাজীপুরের কালীগঞ্জে কভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে; গুরুতর আহত হয়েছেন আরেকজন।
বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে জয়দেবপুর-ইটাখোলা আঞ্চলিক সড়কে আজমতপুর চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার এসআই মো. মিলন মিয়া জানান।
নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের মারতা এলাকার সিরাজ উদ্দিন আকন্দের ছেলে মোস্তাফিজুর রহমান (২০) এবং রফিকুল ইসলামের ছেলে নাহিদুল আকন্দ (২০)।
আহত বাইকচালক নিলয় খন্দকার (২১) একই এলাকার ছানাউল্লাহ খন্দকারের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ফুটবল খেলা দেখতে একই বাইকে কালীগঞ্জের জামালপুর যাচ্ছিলেন তিন বন্ধু। পথে আজমতপুর চৌরাস্তা এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা গাজীপুরগামী পণ্য বোঝাই একটি কভার্ড ভ্যানের সঙ্গে তাদের বাইকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোস্তাফিজুর রহমান মারা যান।
গুরুতর আহত অবস্থায় দুইজনকে ঢাকায় নেওয়ার পথে মারা যান নাহিদুল আকন্দ।
কালীগঞ্জ থানার এসআই মো. মিলন মিয়া বলেন, দুপুরে আজমতপুর চৌরাস্তা এলাকায় প্রাণ-আরএফএলের পণ্য বোঝাই একটি কভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর কভার্ড ভ্যান ফেলে চালক পালিয়ে গেছেন।
ভ্যানটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
