Published : 01 Aug 2025, 12:46 PM
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ভবেরচর হাইওয়ে পুলিশের এসআই শওকত হোসেন জানান।
নিহত ৪৪ বছর বয়সী মো. জিল্লুর মিয়া (৪৪) উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ‘অহিদ মিষ্টান্ন ভাণ্ডারের’ স্বত্বাধিকারী হাজী অহিদ মিয়ার ছেলে।
তিনি নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলছে, জিল্লুর কর্মস্থল থেকে বাইকে করে গ্রামের বাড়ি গজারিয়ার রসুলপুরে যাচ্ছিলেন। পথে বালুয়াকান্দি ভূইয়া পেট্রোল পাম্পের সামনে ঢাকা থেকে কুমিল্লামুখী একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই শওকত বলেন, নিহত ব্যক্তি একজন পুলিশ সদস্য। তার মরদেহ পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছে।
তাকে যে গাড়ি চাপা দিয়েছে সেটি সনাক্ত কার্যক্রম ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।