নির্বাচনি সহিংসতা: বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫০
চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান এলাকার ভাণ্ডারিয়া বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে বলে বাউফলের ইউএনও জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময় পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপি ও জামায়াত প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অর্ধশত আহত হয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান এলাকার ভাণ্ডারিয়া বাজারে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে বলে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ বলেন।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে চরমিয়াজান এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
গুরুতর আহতদের মধ্যে মো. জুয়েল (৩৩), মো. নয়ন (১৭) মোসা. লিমা জাহান (২৫), মো. শাহজালাল (২০), মো. সুজন (২৬), মো. শহিদুল বেপারি (২৭), মো. হাফেজ আনিসুর রহমান (৫৫), মো. আমিনুল মাতুব্বর (৩৫), মো. নুরু মাতুব্বর (৩৫), মো. সাইফুল শরিফ (৩৫), মো. আল আমিন চৌকিদার (২৫) ও মো. সোহাগ (২৭) সহ মোট ২৪ জনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া মো. জামাল মৃধাসহ দুই জামায়াত কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতের নাম জানা যায়নি।
নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে বিএনপির মো. সহিদুল আলম তালুকদার এবং জামায়াতে ইসলামীর শফিকুল ইসলাম মাসুদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে দাঁড়িপাল্লার প্রচার করেন। এ সময় বিএনপির কর্মীরা নারী কর্মীদের বিরুদ্ধে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ তুলে তাদের বাধা দেন।
খবর পেয়ে মিছিল নিয়ে জামায়াতের কর্মী-সমর্থকরা ঘটনাস্থলে উপস্থিত হলে বিএনপির লোকজন তাদের উপর হামলা চালায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। সেখানে সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ৪০ জন আহত হয়।
এদিকে জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিকাল সাড়ে ৩টার দিকে হাসপাতাল সড়কে জামায়াতের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জনতা ভবনের সামনে গিয়ে ফিরে হাসপাতালের কাছে পৌঁছালে মিছিলকারীরা মো. শামিম নামে এক বিএনপি সমর্থককে মারধর করে। এ সময় বিএনপির কর্মীরা এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হলে অন্তত ১০ জন আহত হয়।
চরমিয়াজান এলাকার ভাণ্ডারিয়া বাজারে সংঘর্ষের পরে জামায়াতের কর্মী-সমর্থকরা বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমানকে বদলির দাবিতে থানার সামনের বরিশাল-বাউফল সড়ক অবরোধ করে রাখে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে তাদেরকে সরিয়ে দেয়।
রাত ৮টার দিকে বিএনপির পক্ষ নেওয়ার অভিযোগ এনে ওসির প্রত্যাহারের দাবিতে আবার থানার সামনে বিক্ষোভ করেন জামায়াত কর্মীরা।
পটুয়াখালী-২ আসনের সহকারী রিটানিং কর্মকর্তা ও ইউএনও সালেহ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উভয় পক্ষের মধ্যে যে পরিস্থিতি হয়েছিল বর্তমানে তা শান্ত রয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী সঙ্গে নিয়ে পৌর এলাকাসহ এর আশপাশের এলাকায় টহল দিয়েছি। কোথাও কোনো ঝামেলা নেই।
ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগের বিষয়ে তিনি বলেন, “এটা তদন্ত করে দেখা হবে। জামায়াত নেতা-কর্মীরা কোন বিষয়ের উপর অভিযোগ করেছেন সেটা খতিয়ে দেখে পুলিশ সুপার ব্যবস্থা নেবেন।”
বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. খালিদুর রহমান সাংবাদিকদের বলেন, “বাউফল থানার ওসি নিরপেক্ষতা হারিয়েছেন। আমরা তার বদলির দাবিতে অনড় অবস্থায় রয়েছি। তার ইন্ধনেই জামায়াতের কর্মীরা একের পর এক হামলার শিকার হচ্ছে।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান। তিনি বলেন, “আমি আমার অবস্থান থেকে শতভাগ নিরপেক্ষ ভূমিকা রেখে চলছি। চন্দ্রদ্বীপসহ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা নিরপেক্ষতা বজায় রেখে কাজ করছি।”
এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক আপেল মাহমুদ ফিরোজকে মোবাইলে ফোন দিলে তিনি অসুস্থ বলে ফোন কেটে দেন।
