২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ঘরে ঢুকে যায়।

বরিশালে বাসের ধাক্কায় ৩ জনের মৃত্যু

বাসের ধাক্কার পর ট্রলিটি উল্টে যায়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2022, 12:37 PM

Updated : 22 Aug 2022, 12:43 PM

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাস ও ট্রলির সংঘর্ষে তিনজনের প্রাণ গেছে।

উপজেলার বাখরকাঠি কাঠের পোল এলাকার বরিশাল-কুয়াকাটা মহাসড়কে সোমবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান।

মৃতরা হলেন-বাকেরগঞ্জ উপজেলার দবিরকাঠি এলাকার আফতার উদ্দিনের ছেলে ট্রলি চালক মো. রাকিব (২০), তার সহযোগী বাখরকাঠি এলাকার নুরুউদ্দি তালুকদারের ছেলে জহিরুল ইসলাম তালুকদার (২২) ও দবিরকাঠি এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়জিদ হাওলাদার (২০)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “হুমায়রা পরিবহনের একটি মিনিবাস যাত্রী নিয়ে বরিশাল নগরের রুপাতলী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলো। আর ট্রলিটি বাখরকাঠি থেকে মালামাল নিয়ে যাচ্ছিলো বোয়ালিয়া বাজারের দিকে।

“ট্রলিটি বাসের সামনে ছিলো। এক পর্যায়ে বাসটি ট্রলিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পাশ কাটানোর চেষ্টা করে। এ সময় ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরে গেলে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।”

এতে ট্রলি উল্টে গিয়ে খাদে পড়ে এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের মো. দুলাল নামের একজনের ঘরে ঢুকে পড়ে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “ট্রলি চালকের সহকারী জহিরুল ঘটনাস্থলেই মারা যান। পরে আহত অবস্থায় রাকিব ও বায়জিদকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Image

দুর্ঘটনার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ঘরে ঢুকে পড়ে।

“দুর্ঘটনায় বাসের এক যাত্রী পায়ে সামান্য ব্যথা পেয়েছেন। এছাড়া অন্য কেউ আহত হয়নি। দুর্ঘটনার পর যাত্রীরা অন্য বাসে করে চলে গেছেন।”

নিহত জহিরুলের চাচা প্রত্যক্ষদর্শী রাজীব তালুকদার বলেন, “বাসটি দুলালের ঘরে ঢুকে পড়লেও কেউ আহত হয়নি। ঘরের একটু ক্ষতি হয়েছে। তাছাড়া ঘরের মধ্যে ঘুমন্ত একটি শিশু অল্পের জন্য রক্ষা পেয়েছে।”

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল কবির জানান, বাকেরগঞ্জের দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিলো। জরুরি বিভাগের চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেছেন।

দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ হরে কৃষ্ণ শিকদার জানিয়েছেন।

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে বাকেরগঞ্জ থানার এসআই মনির জানান।