Published : 15 Jun 2026, 06:25 PM
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ কয়েকজন ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছিল। তবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও স্থানীয় লোকজনের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়।
এ সময় সীমান্তে হাতবোমা বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার সকালে বিজিবির ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি জানিয়েছেন।
বিজিবি জানায়, রোববার রাত সাড়ে ৯টার দিকে পাটগ্রাম উপজেলার কালীরহাট সীমান্তের কাঁটাতারের বেড়ায় থাকা সার্চলাইট হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর ভারতের দিক থেকে কয়েকজন ব্যক্তিকে কাঁটাতারের গেইট দিয়ে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়।
এ খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান নেন। স্থানীয় গ্রামবাসীরাও সীমান্তে জড়ো হন। তাদের উপস্থিতির কারণে ওই চেষ্টা সফল হয়নি।
চেষ্টা ব্যর্থ হওয়ার পর বিএসএফ সদস্যরা দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে ‘পুশইনের’ জন্য আনা ব্যক্তিদের আবারও ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়।
৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, “তিনজন ব্যক্তিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়েছিল। তবে বিজিবির সতর্ক অবস্থানের কারণে তা সম্ভব হয়নি।”