২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

খুলনায় যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2026, 09:53 AM

Updated : 26 Aug 2026, 03:34 PM

খুলনার বটিয়াঘাটা উপজেলায় এক যুবককে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে হত্যা করেছে মোটরসাইকেলে আসা অস্ত্রধারীরা। 

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান। 

৩৫ বছর বয়সী আজিজুল ইসলাম বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বকুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ সাতটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয়দের বরাতে ওসি খন্দকার হাফিজুর বলেন, শুক্রবার সন্ধ্যায় চারটি মোটরসাইকেলে কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত আজিজুলকে তুলে নিয়ে বিলের মধ্যে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আজিজুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।