১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 06:06 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সীমান্তবর্তী তীরনই নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে কাশিপুর ইউনিয়নের জগদল নদীবস্তি গ্রামের তীরনই নদীতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী।

নিহত দুই শিশু হলো- কাশিপুর ইউনিয়নের জগদল নদীবস্তি গ্রামের জাহিদ হাসানের ছেলে রেহেশান (৫) এবং একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে কাউসার (৪)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি আমানুল্লাহ আল বারী বলেন, “বুধবার দুপুরে বাড়ির পাশে সীমান্তবর্তী তীরনই নদীর ধারে খেলছিল পাঁচ রেহেশান ও কাউসার। খেলার এক পর্যায়ে তারা দুজনই নদীতে পড়ে যায় এবং গভীর পানিতে তলিয়ে যায়।

“স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রেহেশান ও কাউসারকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।”

স্থানীয় বাসিন্দা আজিজুল হক বলেন, “দুই শিশুর মৃত্যুতে তাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। দুটো শিশুই পরিবারের অনেক আদরের ছিল। একটু অসাবধানতার কারণে দুটি শিশুর প্রাণ চলে গেল।”

ওসি আমানুল্লাহ আল বারী বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। পাশাপাশি অভিভাবকদের শিশুদের বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।